23 November 2026
সরিষাবাড়ীতে নকশাভুক্ত রাস্তা পুনরুদ্ধার ও সংস্কারের দাবি এলাকাবাসীর

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাগুরিয়া পশ্চিম দক্ষিণপাড়া গ্রামের সরকারি নকশাভুক্ত একটি রাস্তা দখলমুক্ত ও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্যমতে, খাগুরিয়া ঈদগাহ মাঠ থেকে ডোয়াইল ইউনিয়নের টাঙ্গাইল রাজিবদিয়া এলাকার কাশেমের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি মহাদান ইউনিয়ন পরিষদের নকশায় অন্তর্ভুক্ত রয়েছে। গ্রামের অর্ধশতাধিক পরিবারের যাতায়াতের এই রাস্তাটি কতিপয় ব্যক্তি দখল করে গাছ রোপণ, বাঁশঝাড় ও কলাগাছ লাগিয়েছেন। এছাড়া সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি সরবরাহের জন্য ড্রেন নির্মাণ করায় রাস্তাটির স্বাভাবিক চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে এবং এলাকাবাসীর যাতায়াতে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর পক্ষে মিজানুর রহমান, মুনছের আলী, ফরিদ, আব্দুল রাজ্জাক, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন, সুমের আলী, আলহাজ উদ্দিন, সুফিয়া বেগম, মালেকা বেগম, মরিয়ম, আফরোজা, রুপালি, রুবি, রোজিনা, চুমকি ও আনেছাসহ অনেকে প্রশাসনের কাছে রাস্তাটি সরেজমিনে তদন্ত করে পুনরুদ্ধার ও সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
