23 November 2026
কিশোরগঞ্জে দুদক কার্যালয়ের বারান্দায় পেট্রল বোমা বিস্ফোরণ

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের বারান্দায় পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ কাপড়ে ঢেকে কয়েকজন ব্যক্তি দুদক কার্যালয়ের বারান্দায় পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। বোমা নিক্ষেপের পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ঘটনার পর নগুয়া এলাকা ছাড়াও শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সরকারি অফিস ও আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন নয়া দিগন্তকে বলেন, রাত ১১ টার দিকে দুদক কার্যালয় লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এগুলো গ্রিলের ফাঁক দিয়ে বারান্দা পর্যন্ত আসে। বারান্দায় আগুন ধরে কতক্ষণ পর নিভে যায়। তবে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে বটতলা এলাকা থেকে টহলরত পুলিশ আসে। পরে খবর দেয়া হলে সদর থানার ওসি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
