মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 24 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 November 2026
অন্যান্য

তাজরীন ট্র্যাজেডি: ১৪ বছরেও শেষ হয়নি শ্রমিকদের জীবনযুদ্ধ

একটি আগুন কেড়ে নিয়েছিল ১১৭টি প্রাণ। পুড়িয়ে দিয়েছিল শত শত শ্রমিকের শরীর, মুহূর্তেই তছনছ করে দিয়েছিল অসংখ্য পরিবারের স্বপ্ন। সেই আগুন নিভে গেলেও ১৪ বছর পরও শুকায়নি ক্ষত। বরং সময়ের সঙ্গে বেড়েছে ক্ষতিগ্রস্তদের জীবনের অনিশ্চয়তা, চিকিৎসার ব্যয়, অভাব আর রাষ্ট্রীয় প্রতিশ্রুতি পূরণের অপেক্ষা।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৭ জন শ্রমিক। আহত হন অন্তত ২০০ জন। বাংলাদেশের পোশাকশিল্পের ইতিহাসে এটি ছিল অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা ও শ্রমিক মৃত্যুর ট্র্যাজেডি।

১৪ বছর পেরিয়ে গেলেও সেই আগুন থেকে বেঁচে ফেরা অনেক শ্রমিক আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেউ শরীরে আগুনের ক্ষত নিয়ে দিন কাটাচ্ছেন, কেউ হারিয়েছেন কর্মক্ষমতা। আবার কেউ চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে শেষ করেছেন জীবনের শেষ সম্বলটুকুও।

আগুনে বেঁচে ফিরেও যেন প্রতিনিয়ত জীবনযুদ্ধে পুড়ছেন তারা। তাজরীনের সেই ভয়াবহ অগ্নিকাণ্ড শুধু শ্রমিকদের শরীর ঝলসে দেয়নি, কেড়ে নিয়েছে তাদের কর্মজীবন, স্বাভাবিক চলাফেরা, স্বপ্ন আর পরিবারের নিরাপত্তা। একসময় যারা পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতেন, আজ তাদের অনেকেই অন্যের সহযোগিতায় বেঁচে আছেন। কেউ কেউ পরিবারের বোঝা হয়ে পড়ার কঠিন বাস্তবতার মুখোমুখি।

কেউ ক্ষতিগ্রস্ত শরীর নিয়ে ছোটখাটো দোকান চালিয়ে সংসার টানছেন, কেউ চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। আবার অনেকের ক্ষত এতটাই গভীর যে নিয়মিত কাজ করার সামর্থ্যটুকুও নেই। ওষুধ, চিকিৎসা, সংসারের খরচ আর সন্তানদের ভবিষ্যৎ—সব মিলিয়ে তাদের জীবন এখন দীর্ঘ অনিশ্চয়তার গল্প। অভিযোগ রয়েছে, দীর্ঘ এক বছর ধরে আগুনে পোড়া ভবনের নিচে প্রায় অর্ধশতাধিক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।

প্রতি বছর ২৪ নভেম্বর ফিরে আসে। আর এই দিনটি স্বজন হারানো পরিবারগুলোর কাছে নতুন করে বয়ে আনে শোকের ঢেউ। কেউ হারিয়েছেন মা, কেউ বোন, কেউ বাবা কিংবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। ক্যালেন্ডারের একটি তারিখ তাদের কাছে শুধু স্মরণ দিবস নয়, বরং প্রিয়জন হারানোর বেদনায় বুক ফেটে কান্নার দিন।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন সরকার। ক্ষতিপূরণ, চিকিৎসা, কর্মসংস্থান ও পুনর্বাসনের নানা আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেক শ্রমিক ও পরিবার এখনো তাদের ন্যায্য পাওনা এবং স্থায়ী পুনর্বাসন থেকে বঞ্চিত বলে অভিযোগ করছেন।

সরকার বদলেছে, রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে, প্রতিশ্রুতির ভাষাও বদলেছে; কিন্তু তাজরীনের আগুনে ক্ষতবিক্ষত শ্রমিকদের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। বিভিন্ন সময়ে সাময়িক সহায়তা মিললেও তা দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিরাপদ বাসস্থান ও সম্মানজনক জীবন নিশ্চিত করার জন্য যথেষ্ট হয়নি বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

আহত শ্রমিকদের অভিযোগ, এক সরকার আশ্বাস দিয়ে ক্ষমতা ছেড়েছে, পরবর্তী সরকারও পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে; কিন্তু তাদের জীবন বদলে দেওয়ার মতো কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। চিকিৎসার অভাবে অনেকের শারীরিক জটিলতা বেড়েছে। কর্মসংস্থানের অভাবে পরিবার নিয়ে চরম সংকটে দিন কাটছে তাদের।

শ্রমিক নেতারা বলছেন, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর কারখানার গেটে তালাবদ্ধ থাকার অভিযোগ এবং শ্রমিকদের প্রাণহানির ঘটনাটি আজও বিচার ও জবাবদিহির প্রশ্ন হয়ে আছে। তাদের মতে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্প দুর্ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করায় কর্মক্ষেত্রে অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া সম্ভব হয়নি।

তারা দাবি জানান, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের শুধু আর্থিক সহায়তা নয়; বরং দীর্ঘমেয়াদি চিকিৎসা, বিশেষায়িত হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র, স্থায়ী আবাসন, উপযুক্ত কর্মসংস্থান এবং পরিবারের সদস্যদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিহত শ্রমিকদের পরিবারকে সম্মানজনক জীবনযাপনের সুযোগ করে দিতে রাষ্ট্রীয় উদ্যোগে কার্যকর পুনর্বাসন কর্মসূচি গ্রহণের দাবি জানান।

তবে ক্ষতিগ্রস্তদের কাছে এখন আর আশ্বাসের চেয়ে বাস্তব উদ্যোগই বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান চান তারা। চান এমন একটি ব্যবস্থা, যেখানে চিকিৎসার জন্য অর্থের অভাবে কাউকে কষ্ট পেতে হবে না, কর্মক্ষমতা হারিয়ে কোনো শ্রমিককে পরিবারসহ অনিশ্চয়তায় দিন কাটাতে হবে না, আর নিহত শ্রমিকদের সন্তানদের ভবিষ্যৎও অন্ধকারে হারিয়ে যাবে না।

এদিকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার কথা বলা হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, শ্রমিকবান্ধব বর্তমান সরকার তাজরীন ট্র্যাজেডিতে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও বাসস্থানের ব্যবস্থা করার বিষয়ে উদ্যোগ নেবে বলে তারা আশাবাদী।

তাজরীনের আগুনে তাদের শরীর পুড়েছিল ১৪ বছর আগে। কিন্তু অবহেলা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার সংগ্রাম সেই আগুন আজও নিভতে দেয়নি। ১৪ বছর পরও তাদের একটাই প্রশ্ন-আর কত দিন অপেক্ষা করতে হবে ন্যায্য অধিকার ও সম্মানজনক জীবনের জন্য?