মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 24 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 November 2026
অন্যান্য

যুবরাজের বাবাকে দেখে নেওয়ার হুমকি পৃথ্বীর

ভারতের সাবেক ক্রিকেটার যোগরাজ সিংয়ের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির ব্যাটার পৃথ্বী শ। নিজের ব্যক্তিগত জীবন ও অতীত নিয়ে মন্তব্য করে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যোগরাজ সিং ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা।

সম্প্রতি ‘স্পোর্টস লঞ্চপ্যাড’ নামে একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে পৃথ্বী শয়ের ক্রিকেট ক্যারিয়ারের অবনতির জন্য তাঁর জীবনযাপনকে দায়ী করেন যোগরাজ। এ সময় সাবেক ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির সঙ্গে পৃথ্বীর তুলনাও করেন তিনি।

যোগরাজ বলেন, গভীর রাত পর্যন্ত পার্টি করা, মদ্যপান, ধূমপান, নারীসঙ্গ ও অসৎ সঙ্গের কারণে পৃথ্বীর ক্যারিয়ারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। একই ধরনের জীবনযাপনের কারণে একসময় বিনোদ কাম্বলির ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে দাবি করেন তিনি।

কাম্বলির প্রসঙ্গ টেনে যোগরাজ বলেন, একবার তিনি কাম্বলিকে গভীর রাতে বাড়ি ফেরার বিষয়ে প্রশ্ন করেছিলেন। জবাবে কাম্বলি বলেছিলেন, ‘আপনাদের দিন চলে গিয়েছে। আমরা এখন অন্যরকম ক্রিকেট খেলি।’ যোগরাজের দাবি, পরদিন কোর্টনি ওয়ালশের বলে কাম্বলি আউট হন এবং ভারত ম্যাচ হারে। পরে তাঁর সঙ্গীরাও তাঁকে ছেড়ে চলে যান। পৃথ্বীর ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

যোগরাজের এসব মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথ্বী লেখেন, ‘আমার অতীত আমার জীবনেরই অংশ। এটি লুকানোর বা এ নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই। তবে কেউ ইচ্ছাকৃতভাবে আমার নাম, ব্যক্তিগত জীবন বা অতীত ব্যবহার করে নেতিবাচকতা ছড়াবেন, অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করবেন কিংবা আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করে প্রচার পাওয়ার চেষ্টা করবেন—তা মেনে নেব না।’

তিনি আরও লেখেন, ‘মতামত প্রকাশ করা আর কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করে অসত্য, বিভ্রান্তিকর, মানহানিকর বা বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়া এক বিষয় নয়। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। নিজের সম্মান, গোপনীয়তা ও ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার আমার রয়েছে।’

পৃথ্বী আরও বলেন, ‘আমার নীরবতাকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। আমি মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে যেতে চাই, তবে নিজের পক্ষে দাঁড়াতে দ্বিধা করব না।’

২৭ বছর বয়সী পৃথ্বী শ ২০১৮ সালে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন। দেশের হয়ে পাঁচটি টেস্ট, ছয়টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ ২০২১ সালে ভারতের হয়ে খেলেছেন এই ব্যাটার। ফর্ম ও শৃঙ্খলাসংক্রান্ত বিভিন্ন বিতর্কের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি।