মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 24 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 November 2026
অন্যান্য

বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে নিষ্প্রাণ পিচের কারণে হতাশার ড্র করেছে ভারত। পাঁচ দিনের খেলায় দুই দল মিলে ২৪টি উইকেট হারালেও রান উঠেছে ১ হাজার ৩২৭। এর মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ইতিহাসে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৭২০/৯ রানের ইনিংসও রয়েছে।

বোলারদের জন্য সহায়ক নয়, এমন উইকেটে বলের উজ্জ্বলতা ধরে রাখতে লালা ব্যবহারের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন ভারত অধিনায়ক শুবমান গিল। সোমবার ম্যাচ শেষে তিনি এ দাবি জানান।

সাধারণত পেস ও বাউন্সের জন্য পরিচিত বেসিন রিজার্ভের উইকেট দ্বিতীয় দিনের সকাল থেকেই নিচু, মন্থর ও প্রাণহীন হয়ে পড়ে। ফলে ম্যাচজুড়েই বোলারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ ড্র করে নিউজিল্যান্ড। ম্যাচ শেষে গিল বলেন, ‘বিশেষ করে এ ধরনের উইকেটে বল চকচকে করতে না পারলে বা বলের উজ্জ্বলতা ধরে রাখতে না পারলে বোলারদের কাজটা ভীষণ কঠিন হয়ে পড়ে।’

লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, খেলোয়াড় ও দলগুলোকে লালা ব্যবহারের অনুমতি দেওয়া উচিত। এটি কোভিডের সময় চালু করা একটি নিয়ম ছিল। আমার মনে হয়, আমরা সেই সময় অনেক আগেই পার করে এসেছি।’

গিলের মতে, ২৫ থেকে ৩০ ওভার পরই বল নরম হয়ে যায় কিংবা আকৃতি হারাতে শুরু করে। এর সঙ্গে বলের রক্ষণাবেক্ষণ ও লালা ব্যবহারের সুযোগ না থাকায় বোলারদের কাজ আরও কঠিন হয়ে পড়ে।

বল নরম হয়ে যাওয়ার বিষয়ে গিলের সঙ্গে একমত হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও। তিনি বলেন, ‘সম্ভবত প্রথম দিন বাদ দিলে পুরো ম্যাচেই বল নরম হয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। তবে নিয়ম ও পরিস্থিতির কথা বললে—বিশেষ করে লালা ব্যবহারের বিষয়টি—বিশ্ব যা কিছুর মধ্য দিয়ে গেছে, এরপর এই নিয়ম আদৌ বদলাবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।’

সাম্প্রতিক বছরগুলোতে ম্যাচের বল তুলনামূলক দ্রুত নরম হয়ে যাচ্ছে বলে মনে করছেন দুই অধিনায়কই। এতে ফিল্ডিং দলের জন্য বলের সুইং ধরে রাখা এবং সুইং আদায় করা কঠিন হয়ে পড়ছে।

ওয়েলিংটনের শুকনো উইকেটে সমস্যাটি আরও প্রকট হয়ে ওঠে। ম্যাচ যত এগিয়েছে, পিচ ভেঙে যাওয়ার পরিবর্তে আরও মন্থর হয়েছে। গিলের ভাষায়, এটি ‘খুব একটা ভালো টেস্ট উইকেট ছিল না’। অন্যদিকে ল্যাথামের মতে, এটি ‘বেসিন রিজার্ভের চিরচেনা উইকেট ছিল না’।

এএফপিকে ক্রিকেট ওয়েলিংটনের কর্মীরা জানিয়েছেন, নিউজিল্যান্ডের শীতকালে বেসিন রিজার্ভের পিচের দায়িত্ব নেওয়া নতুন গ্রাউন্ড স্টাফদের প্রস্তুতি বন্যার কারণে ব্যাহত হয়। এতে উইকেটের মান প্রত্যাশা অনুযায়ী হয়নি।

শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে এবার ক্রাইস্টচার্চে যাবে ভারত ও নিউজিল্যান্ড। সেখানে দুই অধিনায়কই চিরাচরিত সবুজ, ঘাসযুক্ত এবং পেসারদের সহায়ক উইকেটের প্রত্যাশা করছেন।