মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 23 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 November 2026
অন্যান্য

সুপ্রিম কোর্টের আদেশে পবিপ্রবির শিক্ষক হলেন ছাত্রদল করায় নিয়োগ বঞ্চিত সাবেক ৩ শিক্ষার্থী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তিনটি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থী। গত ২২ নভেম্বর তাঁরা যোগদান করেন।

যোগদানকারী তিন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং রেজিস্ট্রার কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. জিনাত নাসরিন সুলতানা। তাঁরা যথাক্রমে মৃত্তিকাবিজ্ঞান, কৃষিতত্ত্ব ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনজনই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তাঁদের দাবি, শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে তাঁরা প্রথম স্থান অর্জনসহ মেধাতালিকায় স্থান পেয়েছেন। ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে শিক্ষক হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছিল।

তাঁদের আরও দাবি, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চতুর্থ গ্রেডে চাকরি করার পরও শিক্ষক হওয়ার আগ্রহ থেকে তাঁরা ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক পদে যোগ দিয়েছেন। তাঁদের নিয়োগে বিশ্ববিদ্যালয়ের বাজেটে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে না বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা। তাঁদের একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে বলেও তাঁদের অভিমত।

তিন শিক্ষকের নিয়োগপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্নভাবে চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের দাবি, এ বিষয়ে পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের পাশাপাশি শামসুজোহা নামের এক ব্যক্তি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। তিনি বারটান নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত বলে তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, ওই রিট পিটিশনের কার্যকারিতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিত করেছেন। রিট পিটিশনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

এদিকে, রিট পিটিশনের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে মানহানি হয়েছে দাবি করে রিটকারী শামসুজোহার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়েরের কথা জানিয়েছেন সদ্য যোগদান করা তিন শিক্ষক।