24 November 2026
স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার

পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে খাইবার পাখতুনখোয়া সরকার। এ জন্য প্রাদেশিক ক্রীড়া বিভাগকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিষয়টি জানিয়েছেন প্রদেশটির গভর্নর ফয়সাল করিম কুন্দি।
তবে স্টেডিয়ামটির নতুন নাম কী হবে, তা জানাননি তিনি। কুন্দি বলেন, সরকারি ক্রীড়া স্থাপনার নাম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নামে রাখতে চায় না সরকার।
তিনি বলেন, ‘আমরা নিজেদের রাজনৈতিক দলের কোনো ব্যক্তির নামে স্টেডিয়ামের নাম রাখব না। আরবাব নিয়াজ প্রদেশের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন।’
একসময় স্টেডিয়ামটির নাম ছিল আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়াম। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের আমলে প্রাদেশিক মন্ত্রিসভা এর নাম পরিবর্তন করে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম রাখার অনুমোদন দেয়। পরে ওই বছরের এপ্রিলে স্টেডিয়ামটির পুনর্নির্মাণের সময় নাম পরিবর্তন করে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম রাখা হয়।
নাম পরিবর্তনের সিদ্ধান্তে আপত্তি জানান প্রয়াত আরবাব নিয়াজ মুহাম্মদের পরিবারের সদস্যরা। পরে বিষয়টি গড়ায় পেশোয়ার হাইকোর্টে। ২০২৬ সালের মার্চে নাম পরিবর্তনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাদেশিক সরকারের কাছে জবাব চান আদালত।
১৯৮৪ সালে নির্মিত স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। তবে সর্বশেষ ২০০৬ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি ওয়ানডে ম্যাচ আয়োজন করা হয় সেখানে। এরপর থেকে স্টেডিয়ামটিতে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
