24 November 2026
এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ জাকারিয়া

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। যুগ্ম আহ্বায়কের পদসহ দলের সব ধরনের দায়িত্ব ও সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া। একই বিবৃতিতে এনসিপির আরও দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও আনেন তিনি।
পদত্যাগের ঘোষণা দিয়ে বিবৃতিতে সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়াচ্ছেন।
তিনি বলেন, ‘জুলাইয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের রাজনীতি সংগঠিত করতে সহায়তা করব, এই লক্ষ্যে এনসিপিতে যোগ দিয়েছিলাম।’
প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদ সদস্য, বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য এবং নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবে সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে সুলতান মোহাম্মদ জাকারিয়া আরও বলেন, এনসিপির ঐতিহাসিক রাজনৈতিক ম্যানিফেস্টো ২৪ দফাসহ দলের বিভিন্ন গাঠনিক দলিল তৈরিতে সাধ্যমতো সহায়তার চেষ্টা করেছেন। দলের ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চা নিশ্চিত করতে শুরু থেকেই দলীয় ফোরাম ও নেতৃত্বকে পরামর্শ দেওয়ার আন্তরিক চেষ্টা করেছেন।
তিনি বলেন, ‘দলের প্রাতিষ্ঠানিকীকরণ প্রচেষ্টা যৎসামান্য যতটুকু ভূমিকা রাখতে চেষ্টা করেছি, তা খুব বেশি সফল হয়নি বলে হতাশা ভর করলেও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিখবে, এই বিশ্বাসে ধৈর্য ধরেছি।’
তবে ব্যক্তিগত মর্যাদা ও আত্মসম্মানের প্রশ্নে আপস করতে চান না উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু ব্যক্তিজীবনে আমি সম্মান, মর্যাদা ও মাথা উঁচু করে চলেছি। তাই আত্মমর্যাদা ও জবাবদিহিতার প্রশ্নে আপস করে জীবনে বিশেষ কিছু অর্জন চাই না।’
