24 November 2026
মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ

চট্টগ্রাম সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের ওপর হেনস্থা ও হামলার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সংগঠনের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে গেলে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় মহসিন কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাসির নাঈম, মুখ্য সংগঠক মাইন উদ্দিন, কলেজ শিক্ষার্থী সাইফুর রহমান সাগর ও রাকিবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
ছাত্রশক্তি নেতৃবৃন্দের সূত্রে জানা গেছে, নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আজ মহসিন কলেজে আসেন জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক রশিদ দিনার এবং সদস্য সচিব আবদুর রহমান। তাঁরা ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশসহ বিভিন্ন বিষয়ে কলেজ অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় গেলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের দ্বারা হেনস্থা ও হামলার শিকার হন। একপর্যায়ে হামলাকারীরা উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে বেশ কয়েকজনকে মারধর করে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “হামলার ঘটনাটি সত্য।"
এই বিষয়ে ছাত্রশিবিরের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি৷
