মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 26 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

গোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে নতুন করে সহিংসতা ও নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

একই সঙ্গে সহিংসতার পরিকল্পনা, উসকানি ও অর্থায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছেন গোয়েন্দারা।

এ পরিস্থিতিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একজন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের বিশ্বস্ত সূত্রের দাবি, সহিংসতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসআরবির ভৈরব কমান্ডার আবুল হাসানকে আটক করা হয়। আটকের আগে তাকে এসআরবি-১১ এবং ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হবে। শুধু এসআরবির সদস্যদের নয়, গোপালগঞ্জ ও আশপাশের এলাকার বাসিন্দা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদারে পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে যৌথবাহিনীকেও।

এদিকে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে মঙ্গলবার দেশের আট জেলায় মোট ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য।

বিজিবি মোতায়েন করা অন্য জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।