25 November 2026
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণেরও অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করতে টিয়ার শেল নিক্ষেপ করে। এরপরও থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তারা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
লিমনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এ হামলা চালানো হয়েছে। পরে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দেন। তারা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান।
এ ঘটনায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বক্তব্য জানতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারিকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে সংঘর্ষের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
