মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 26 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

চট্টগ্রামের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী'র বিরুদ্ধে চার্জশিট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদক সচিব গণমাধ্যমকে জানান, মামলার তদন্তে মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ২ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৮৮ টাকা ৯৩ পয়সার সন্দেহজনক লেনদেন এবং ওই অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের প্রমাণ পেয়েছে দুদক।

এর আগে ২০২৫ সালের ৬ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে স্বামীর সহায়তায় শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৮৯ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা মো. ফয়সাল কাদেরের দাখিল করা প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪(২) ও ৪(৩), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।