মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 26 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা!

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার এ প্রত্যাশা সরাসরি নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না। তাকে ফিরিয়ে আনা হলে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়েই আনা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে হুমায়ুন কবির বলেন, কেউ অর্থ খরচ করে নিজের ইচ্ছামতো বক্তব্য বা প্রতিবেদন প্রকাশ করাতে পারেন। কিন্তু প্রত্যাশা আর বাস্তবতা এক নয়। বাস্তবতা হচ্ছে, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকতে পারে। তবে কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে। তিনি সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাকে দেশে ফিরিয়ে আনা হলে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই আনতে হবে।

এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য তিনি বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবারও দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এ ঘোষণাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।