25 November 2026
পদ্মায় নাব্য সংকট: ৪২ দিন পর ফেরি চলল জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথে

পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে ৪২ দিন বন্ধ থাকার পর পরীক্ষা মূলকভাবে রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি নাজিরগঞ্জ ফেরিঘাটের ব্যবস্থাপক এম এ নেওয়াজ শিবলী।
তিনি বলেন, পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে ১২ অক্টোবর থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথের নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
এর ফলে দির্ঘ ৪২ দিন পর পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে একটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
এদিকে দীর্ঘদিন পর এ নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এ পথে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকেরা।
রাজবাড়ীসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার সঙ্গে উত্তরবঙ্গের পাবনা ও সিরাজগঞ্জ জেলার যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট।
উত্তর ও দক্ষিণাঞ্চলের দূরত্ব কমাতে ২০২৩ সালে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কাছ থেকে এই নৌপথটি অধিগ্রহণ করে বিআইডব্লিউটিসি।
এরপর দুটি ফেরি দিয়ে এ পথে দিনে চারবার যাত্রী ও যানবাহন পারাপার শুরু হয়। কিন্তু টেকসই ও স্থায়ী ড্রেজিং না থাকায় বারবার স্থবির হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ এই নৌপথটি। এতে ভোগান্তিতে পড়েন চালকে-যাত্রীরা।
