মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 25 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত সাবেক এমপির পিএস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তের একটি ঘাসের জমিতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম টমাস (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। টমাস চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী (পিএস) এবং কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতা ছিলেন।

পুলিশ জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ ছাড়া সেখানে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়। সেখানে ককটেল তৈরির সরঞ্জাম ছড়িয়ে ছিল। সেগুলো আলামত হিসেবে জব্দের কাজ চলছে।

তিনি বলেন, টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস ছিলেন। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বোমা তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।