মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 26 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে ১৮ বছর আগে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার বাসিন্দা।

কিশোরগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলের কর্মচারী ছিলেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হোটেলে আসেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে জয়নালকে সঙ্গে নিয়ে যান তারা। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখান থেকে জয়নালের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রথমে টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন নিহতের স্ত্রী। পরে মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তী সময়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়। তদন্তে আগের গ্রেফতার ব্যক্তিদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।