25 November 2026
‘শয়তানের দর্শন’ পেয়েছিলেন তিনবার, ডায়েরিতে লিখেছেন পোপ ফ্রান্সিস

নিজের ধর্মীয় জীবনে তিনবার ‘শয়তানের দর্শন’ পেয়েছিলেন বলে ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন প্রয়াত পোপ ফ্রান্সিস। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছিল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে, আর তৃতীয়টি ২০১৮ সালে চিলি সফরের পর। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভ্যাটিকান তাঁর ডায়েরির নির্বাচিত কিছু অংশ প্রকাশ করেছে। সেখানে ধর্মযাজকদের যৌন নির্যাতনের কেলেঙ্কারির ভয়াবহতা উপলব্ধি করে ‘নরকের দরজা’ দেখার অনুভূতির কথাও লিখেছেন তিনি।
২০২১ সালের ২৪ জানুয়ারির ডায়েরিতে ফ্রান্সিস লিখেছেন, রোমে ফেরার কয়েক দিন পর একটি বৈঠকে তিনি শয়তানকে দেখেছিলেন এবং তার কণ্ঠে বিজয়ের সুর শুনেছিলেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, শয়তান বলেছিল, ‘এখন আমি যা চেয়েছিলাম, তার সবই পেয়ে গেছি।’
আগের দুটি ঘটনার মতো এবারও সেই অভিজ্ঞতা তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল বলে লেখেন ফ্রান্সিস। তাঁর ভাষায়, শয়তানের চোখের কথা যেমন ভুলতে পারেননি, তেমনি এবার সেই কণ্ঠস্বরের তীব্র কর্কশতাও ভুলতে পারছেন না।
২০১৮ সালে চিলি সফরের সময় দেশটির এক কুখ্যাত যৌন নিপীড়কের বিরুদ্ধে অভিযোগ আনা ভুক্তভোগীদের বক্তব্য প্রথমে অবিশ্বাস করেছিলেন ফ্রান্সিস। দেশে ফেরার পথে উড়োজাহাজে সাংবাদিকেরা এ বিষয়ে তাঁকে কঠিন প্রশ্ন করেন। পরে তিনি তদন্তের নির্দেশ দেন এবং জানতে পারেন, ভুক্তভোগীদের অভিযোগ সত্য ছিল; চিলির চার্চের নেতারা তাঁকে ভুল তথ্য দিয়েছিলেন।
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ার কথা ডায়েরিতে লিখেছেন ফ্রান্সিস। ২০১৮ সালের ৭ জুনের লেখায় তিনি চিলির যৌন নির্যাতন কেলেঙ্কারিকে ‘নরকের দরজা’ দেখার অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। পরবর্তী দুই মাসের লেখাতেও চার্চের জন্য এই ঘটনা কী ভয়াবহ লজ্জা ও অমঙ্গল বয়ে এনেছে, তা তুলে ধরেন তিনি।
‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ে তাঁর ব্যক্তিগত ভয়, আত্মসংশয়, স্বপ্ন, প্রলোভন ও আধ্যাত্মিক সংকটের নানা দিক উঠে এসেছে। বইটি সংকলন করেছেন কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ। তিনি ভ্যাটিকানের ধর্মমতবিষয়ক দপ্তরের প্রধান এবং ফ্রান্সিসের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
ফার্নান্দেজ জানিয়েছেন, ফ্রান্সিস নিজেই ডায়েরিটি প্রকাশ করতে চেয়েছিলেন। তাই লেখাগুলোর প্রেক্ষাপট ব্যাখ্যা করে বইটিতে লেখক হিসেবে তাঁর নাম রাখা হয়েছে।
জর্জ মারিও বার্গোগলিও নামে জন্ম নেওয়া ফ্রান্সিস ১৯৯২ সালে বুয়েনস এইরেসের সহকারী বিশপ থাকার সময় চামড়ায় বাঁধানো একটি ক্যালেন্ডারে ডায়েরি লেখা শুরু করেন। কার্ডিনাল ও পরে পোপ হওয়ার পরও তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট পর্যন্ত ডায়েরিটি লিখে গেছেন।
২০২১ ও ২০২২ সালের আধ্যাত্মিক সংকট
ডায়েরিতে ফ্রান্সিসের আধ্যাত্মিক সংকটের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে উঠে এসেছে ২০২১ সালের ২৪ জানুয়ারি। ওই সময় ভ্যাটিকান জানিয়েছিল, সায়াটিকার ব্যথার কারণে পোপ কয়েকটি অনুষ্ঠান বাতিল করেছেন। তবে ফার্নান্দেজের ভাষ্য অনুযায়ী, সেদিন ফ্রান্সিস অন্ত্রের সমস্যায় অসহনীয় ব্যথায় ভুগছিলেন। পরে ওই বছরের জুলাইয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কোলনের একটি অংশ অপসারণ করা হয়।
সে সময় ভ্যাটিকানে বড় ধরনের আর্থিক তদন্তও চলছিল। ২০২০ সালের সেপ্টেম্বরে ফ্রান্সিস তাঁর একসময়ের ঘনিষ্ঠ সহযোগী কার্ডিনাল অ্যাঞ্জেলো বেচ্চিউকে বরখাস্ত করেছিলেন। ভ্যাটিকানের রাষ্ট্রীয় সচিবালয়ে দুর্নীতির আশঙ্কা থেকেই তদন্ত শুরু হয়েছিল। পরে আদালত বেচ্চিউসহ কয়েকজনকে দোষী সাব্যস্ত করেন। তবে দুর্নীতির ব্যাপক ষড়যন্ত্র নিয়ে কৌঁসুলিদের অভিযোগের বড় অংশ আদালতে টেকেনি।
ফার্নান্দেজের ব্যাখ্যায়, প্রশাসনিক বিষয়, কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপ এবং আধ্যাত্মিক শূন্যতা ও হতাশা মিলিয়ে ফ্রান্সিসের মধ্যে সংকট তৈরি হয়েছিল। ক্ষমতা প্রয়োগ, সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার প্রলোভন এবং নিজেকে অন্যদের ঊর্ধ্বে ভাবার প্রবণতাও এ সংকটের সঙ্গে যুক্ত ছিল।
ফ্রান্সিস ২০১৩ সালে পোপ হিসেবে দেওয়া প্রথম সাক্ষাৎকারেও ক্ষমতার ‘স্বৈরাচারী’ ব্যবহারের প্রবণতা নিয়ে কথা বলেছিলেন। ফার্নান্দেজের মতে, ফ্রান্সিসের ক্ষেত্রে এই প্রলোভনের অর্থ ছিল—নিজেই সবার সব সমস্যার সমাধান করতে পারবেন, এমন ধারণায় আটকে পড়া এবং নিজেকে ঈশ্বরের মতো ভাবা।
ডায়েরি অনুযায়ী, ২০২২ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে ঈশ্বরের করুণার ওপর নিজেকে পুরোপুরি সঁপে দিয়ে এই সংকট কাটিয়ে ওঠেন ফ্রান্সিস। তিনি উপলব্ধি করেন, ২০২১ সালের ২৪ জানুয়ারির অভিজ্ঞতা ছিল ভেতরের অন্ধকার কাটিয়ে মুক্ত হওয়ার জন্য ঈশ্বরের শক্তিশালী আহ্বান।
ফার্নান্দেজের মতে, ফ্রান্সিসের জীবনের শেষ দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষামূলক দলিল তৈরির পেছনেও এই সংকটের ভূমিকা ছিল। এর একটি ২০২৩ সালে ঈশ্বরের করুণাময় ভালোবাসার ওপর আস্থা নিয়ে এবং অন্যটি ২০২৪ সালে খ্রিষ্টের মানবিক ও ঐশী ভালোবাসা নিয়ে লেখা।
ডায়েরির সব লেখা অবশ্য বইয়ে প্রকাশ করা হয়নি। ফার্নান্দেজ জানিয়েছেন, ফ্রান্সিস তাঁর সবচেয়ে গোপন ভাবনাগুলো দুর্বোধ্য সাংকেতিক ভাষায় লিখতেন। তৃতীয় কোনো ব্যক্তির ক্ষতি হতে পারে—এমন কিছু অংশও বাদ দেওয়া হয়েছে।
তবে বইয়ে বর্তমান পোপ চতুর্দশ লিও সম্পর্কে ফ্রান্সিসের প্রশংসামূলক মন্তব্য রাখা হয়েছে। তৎকালীন কার্ডিনাল রবার্ট প্রিভোস্টকে তিনি মহান ধর্মযাজক, উদার মিশনারি ও নিষ্কলঙ্ক মানুষ হিসেবে উল্লেখ করেছিলেন।
২০২৫ সালের ২১ এপ্রিল মৃত্যুর আগেই ফ্রান্সিস ডায়েরিটি ফার্নান্দেজকে দেখিয়ে প্রকাশের ইচ্ছা জানিয়েছিলেন। পোপ লিও নির্বাচিত হওয়ার পর ফার্নান্দেজ তাঁকে বিষয়টি জানান। পরে পোপ লিও আগ্রহ প্রকাশ করে লেখাগুলো গবেষণার জন্য তাঁর কাছে পাঠান।
পোপদের মৃত্যুর পর তাঁদের ব্যক্তিগত লেখা প্রকাশের ঘটনা অবশ্য নতুন নয়। ১৯৬০ সালে পোপ জন তেইশতমের আত্মজীবনী এবং ২০১৪ সালে পোপ জন পল দ্বিতীয়ের ব্যক্তিগত নোটও প্রকাশিত হয়েছিল।
