মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 26 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 November 2026
অন্যান্য

গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলাটিতে ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, এসব ঘটনার কারণে রেল ও সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। সামগ্রিক পরিস্থিতিকে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে তিনি বলেন, গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে। রেল যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কপথে যানবাহন চলাচলেও আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, পেট্রল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠা সরবরাহব্যবস্থাও নিয়মিত সচল রাখা কঠিন হয়ে পড়েছে।

সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, গোপালগঞ্জে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের নিরাপদ মনে করছেন না। ফলে স্বাভাবিক দায়িত্ব পালনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

থানায় অগ্নিসংযোগের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তিনি বলেন, থানা পুড়িয়ে দেওয়ায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। আবার হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত থানাগুলোর সংস্কারকাজও শুরু করা যাচ্ছে না।

পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে দাবি করে রাশেদ খান তাঁর পোস্টে লেখেন, ‘পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ এখন নানা অপরাধ-অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় যে, আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ফলে গোপালগঞ্জে এখন ৭৪-এর ন্যায় দুর্ভিক্ষ নেমে এসেছে।’

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। রাশেদ খান বলেন, অচলাবস্থা দূর করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সাধারণ মানুষকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, গোপালগঞ্জের মানুষ যত দ্রুত অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবেন, তত দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।