মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 27 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 November 2026
অন্যান্য

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী আদেশ চায় ইসি

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে বিশেষ দায়িত্ব দিয়ে নির্বাহী আদেশ জারির অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছে সংস্থাটি। এ জন্য স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো.শহীদুল হাসানকে চিঠি দিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করেন।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১০ জানুয়ারি ২০২৭ (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ কিশোরগঞ্জ-৩ নির্বাচনি এলাকার শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে।

নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে একজন রিটার্নিং অফিসার ও দুজন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আইনশৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। এ ক্ষেত্রে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের সহযোগিতা প্রত্যাশা করছে নির্বাচন কমিশন।

এতে উল্লেখ করা হয়, বিগত জাতীয় সংসদ নির্বাচনেও সরকারি সহযোগিতার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে স্থানীয় সরকার বিভাগ নির্বাহী আদেশ জারি করেছিল। পাশাপাশি নির্বাচনি আইন ও বিধিমালা পরিপালনেও এসব প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

চিঠির সঙ্গে এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশের খসড়াও পাঠানো হয়েছে।

সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৫ অনুচ্ছেদের আলোকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে বিশেষ দায়িত্ব দিয়ে নির্বাহী আদেশ জারির জন্য অনুরোধ জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৭ ডিসেম্বর, আপিল ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১০ জানুয়ারি।