মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 28 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 November 2026
অন্যান্য

‘ফকির’ পদবি নিয়ে কটুকথার জবাব, নববধূকে হেলিকপ্টারে নিয়ে গ্রামে ফিরলেন শাহিন

নামের শেষে ‘ফকির’ পদবি নিয়ে ছোটবেলা থেকেই নানা কটুকথা শুনতে হয়েছে ভোলার বোরহানউদ্দিনের ফ্রান্সপ্রবাসী মো. শাহিন ফকিরকে। সেই অভিজ্ঞতা থেকেই একসময় স্বপ্ন দেখেছিলেন, একদিন তাঁকে দেখতে গ্রামের মানুষ ভিড় করবেন। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে গ্রামে ফিরিয়ে এনে সেই স্বপ্নই পূরণ করলেন তিনি।

শাহিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামের মো. সিরাজ ফকিরের ছেলে। ঢাকায় জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে নিজ গ্রামে ফেরেন তিনি। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে গ্রামজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।

নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করেন শত শত মানুষ। তাঁদের আগমন উপলক্ষে গ্রামের একটি ধানখেতের মাঝখানে তৈরি করা হয় হেলিপ্যাড। এ আয়োজনের প্রস্তুতি চলে প্রায় দুই সপ্তাহ ধরে। প্রশাসনের অনুমতি নেওয়া, গ্রামবাসীকে দাওয়াত দেওয়া, বাড়িঘর সাজানো এবং রাস্তাঘাট সংস্কারসহ নানা প্রস্তুতি নেওয়া হয়।

শাহিনের এমন আয়োজনে গ্রামের মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ। অনেকেই তাঁর উদ্যোগের প্রশংসা করেন। কেউ কেউ বলেন, শাহিন তাঁর স্বপ্ন পূরণ করে দেখিয়ে দিয়েছেন।

এর আগে ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শাহিন। এরপর নববধূকে নিয়ে বাড়ি ফেরার জন্য ব্যবহার করেন একটি হেলিকপ্টার। এ জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিও নিতে হয় তাঁকে।

নিজের ব্যতিক্রমী আয়োজনের বিষয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’

দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে খুশি শাহিন ও তাঁর পরিবারের সদস্যরা। নবদম্পতির নতুন জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন স্থানীয় বাসিন্দারাও।