মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 27 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 November 2026
অন্যান্য

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই জানান, প্রতিবেশী হওয়ায় জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে ২০২৪ সালের ১২ আগস্টসহ বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করেন তিনি।

পরে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরবর্তী সময়ে গর্ভপাতের পর একটি মৃত ছেলে সন্তানের জন্ম হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ১১ এপ্রিল ভুক্তভোগী কিশোরীর বাবা জাহিদুল ইসলাম ও তার বোন সুবর্ণা আক্তারকে আসামি করে সরিষাবাড়ী থানায় ধর্ষণ মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, গ্রেপ্তারের পর জাহিদুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় বাদীসহ মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে বলে জানান আইনজীবী আব্দুল হাই।