মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 26 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 November 2026
অন্যান্য

দিনভর শ্রম, রাতে জুটত একবেলা ভাত, ৪১ জেলের বন্দিজীবনের অবসান

সাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন আবুল হোসেন। এরপর কেটে গেছে প্রায় নয় মাস। এই দীর্ঘ সময়ে প্রতিদিন সাত ঘণ্টা পর্যন্ত জোর করে শ্রমিকের কাজ করানো হয়েছে তাকে। কখনো কৃষিকাজ, কখনো অন্যের ঘর নির্মাণ। কাজ করতে না চাইলে জুটত মারধর। দিনভর হাড়ভাঙা পরিশ্রমের পর খাবার হিসেবে মিলত মাত্র একবেলা ভাত। বন্দিশালায় এমন দুর্বিষহ জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটসংলগ্ন সীমান্ত এলাকায় আরাকান আর্মির কাছ থেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় আবুল হোসেনসহ ৪১ বাংলাদেশি জেলেকে। তাদের কারও বন্দিজীবনের মেয়াদ প্রায় নয় মাস, কারও আবার দুই বছরের বেশি। দীর্ঘদিনের বন্দিদশা শেষে দেশে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। তবে মিয়ানমারে এখনো অর্ধশতাধিক জেলে আটক রয়েছেন বলে জানিয়েছেন মুক্তি পাওয়া ব্যক্তিরা।

দেশে ফিরে আবুল হোসেনের অনুভূতি, ‘জাহান্নাম দেখে জান্নাতে ফিরেছি মনে হচ্ছে।’ টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা ৬০ বছর বয়সী এই জেলে বলেন, ‘নয় মাস পর দেশে এসে বিজিবির কাছ থেকে পেট ভরে খাবার পেয়েছি। সেখানে প্রতিদিন আমাদের দিয়ে কাজ করানো হতো। কাজ করতে না চাইলে মারধর করত। সারাদিনের জন্য দেওয়া হতো মাত্র একবেলা ভাত।’

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বিভিন্ন সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হন। তাদের ফিরিয়ে আনতে বিজিবির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার ৪১ জনকে দেশে ফেরানো সম্ভব হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মুক্তি পাওয়া জেলেদের একজন টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা মো. শাহেদ। প্রায় নয় মাস বন্দিজীবন কাটিয়ে দেশে ফিরে তিনি নিজেকে নতুন জীবন ফিরে পাওয়া মানুষ হিসেবে বর্ণনা করেন।

শাহেদ বলেন, ‘নতুন জন্ম নিয়ে দেশে ফিরে এসেছি। এ জন্য বিজিবির কাছে কৃতজ্ঞতা জানাই। না হলে হয়তো সারাজীবন অমানবিক নির্যাতনের শিকার হতে হতো।’

বন্দিদশায় তাদের দিয়ে জোরপূর্বক ১৫০টির বেশি ঘর নির্মাণের কাজ করানো হয়েছে বলে অভিযোগ করেন শাহেদ। তার ভাষ্য, প্রতিদিন আট ঘণ্টা পর্যন্ত কৃষিকাজসহ বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতে হতো। কাজ করতে রাজি না হলে মারধর করা হতো। সেখানে এখনো বাংলাদেশি জেলেরা বন্দী রয়েছেন।

আবুল হোসেন জানান, পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব পাশে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। এরপর থেকেই শুরু হয় বন্দিজীবন।

তিনি আরও জানান, তাদের পাশাপাশি সেখানে রোহিঙ্গাসহ অর্ধশতাধিক জেলে আটক রয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে আটক থাকা অন্য জেলেদেরও দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে। দেশে ফেরত আসা ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে মোট ৩২৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। এখনো আটক থাকা জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে সর্বশেষ ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি নাফ নদীর শূন্যরেখায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় আরাকান আর্মির কাছ থেকে ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তাদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি এবং সাতজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। এরপরও আরাকান আর্মির হাতে অর্ধশতাধিক জেলে আটক থাকার তথ্য পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’- মহাপরিচালকের এই ভিশন ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।