মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 28 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 November 2026
অন্যান্য

শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উৎসবের দিনে আঘাত হেনেছে শক্তিশালী ঝড়। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ঝড়ের প্রভাবে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল, দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বৈরী আবহাওয়ার কারণে ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড।

বার্তাসংস্থা আনাদোলু, বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়। প্রবল বৃষ্টি ও বাতাসে দেশটির অন্যতম ব্যস্ত ছুটির সময়ে সড়ক ও আকাশপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

থ্যাংকসগিভিং উপলক্ষে যখন মানুষ ঐতিহ্যবাহী ভোজের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বিদ্যুৎহীন হয়ে পড়ে ৯ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। বিদ্যুৎ বিভ্রাটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজের হিসাব অনুযায়ী, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটে। ফ্লাইটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, যুক্তরাষ্ট্রে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল এবং দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বাতিল ও বিলম্বিত ফ্লাইটের অধিকাংশই দেশটির পূর্বাঞ্চলের।

এদিকে ঝড়ের কারণে নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। ম্যানহাটনের প্রাণকেন্দ্র দিয়ে প্রতিবছর বিশাল রঙিন বেলুন ও নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই প্যারেড। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এবার এটি আগামী শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবছর এ আয়োজন দেখতে লাখো মানুষ জড়ো হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টানা তিন বছর বাতিল হওয়া ছাড়া থ্যাংকসগিভিংয়ের বৃহস্পতিবারে এই প্যারেড বন্ধ রাখার আর কোনো নজির নেই।

আয়োজকেরা ১৯৯৭ সালের একটি দুর্ঘটনার বিষয়টিও বিবেচনায় নিয়েছেন। ওই বছর ঝোড়ো বাতাসে ১৮ ফুট উঁচু ‘ক্যাট ইন দ্য হ্যাট’ চরিত্রের একটি বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির ওপর পড়ে যায়। এতে এক দর্শক জ্ঞান হারান।

ম্যাসিস প্যারেডের নির্বাহী প্রযোজক উইল কস বলেন, ‘প্যারেড পিছিয়ে দেওয়ায় আমরা ভীষণ হতাশ। তবে আমাদের সহযোগী, অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তা সব সময়ই সর্বোচ্চ অগ্রাধিকার।’

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় বন্যার খবরও পাওয়া গেছে। উপকূল থেকে দূরের এলাকাগুলোতেও ঝড়ের প্রভাব পড়েছে। প্রবল বাতাস ও অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় অনেক গাছ উপড়ে বিদ্যুতের তার ও বাড়িঘরের ওপর পড়েছে।

রাজধানী ওয়াশিংটনের আশপাশের মেরিল্যান্ড এলাকার কর্মকর্তারা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি শোধন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন। এ কারণে প্রায় ২০ লাখ গ্রাহককে কলের পানির ব্যবহার কমানোর অনুরোধ জানানো হয়েছে।

কর্মকর্তারা অপ্রয়োজনে সড়কে চলাচল না করার পরামর্শ দিয়েছেন। প্রবল বাতাসের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুও বন্ধ করে দেওয়া হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে গত বুধবার নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেন অঙ্গরাজ্যটির গভর্নর মিকি শেরিল। তিনি বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘নিজেদের ইলেকট্রনিক যন্ত্রগুলো চার্জ দিয়ে রাখুন, বিদ্যুৎ বিভ্রাটের খবর সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে জানান এবং ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে দূরে থাকুন।’

ঝড়ের মধ্যেও অনেকে নিজেদের মতো করে থ্যাংকসগিভিং উদ্‌যাপন করেছেন। ঐতিহ্য অনুযায়ী, এ উৎসবে পরিবারের সদস্যরা একসঙ্গে ভোজে অংশ নেন। খাবারের প্রধান আকর্ষণ থাকে টার্কি।

খ্যাতনামা শেফ হোসে আন্দ্রেস এক্সে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে মোমবাতির আলোয় সাজানো খাবারের টেবিল এবং গ্যাসের চুলায় রান্না করা গলদা চিংড়ি দেখা যায়। ভিডিওর সঙ্গে তিনি লেখেন, ‘বিদ্যুৎ নেই? কোনো সমস্যা নেই।’

এদিকে পূর্ব উপকূলে ঝড়ের পাশাপাশি চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়াতেও বৈরী আবহাওয়া দেখা গেছে। সেখানে বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়েছে। কয়েকটি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে ভিজেছে সান ফ্রান্সিসকোও।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছেন ৯ লাখের বেশি গ্রাহক। পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কাজ করছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বিদ্যুৎ কোম্পানিগুলো কাজ করছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেনসিলভানিয়ায় ২ লাখ ৩০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। এ ছাড়া নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও মিসৌরিতেও এক লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ নেই।

নিউ জার্সির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আটলান্টিক সিটি ইলেকট্রিক জানিয়েছে, কর্মীরা নিরাপদে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে পারলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সম্ভাব্য সময় সম্পর্কে হালনাগাদ তথ্য দেওয়া হবে। প্রবল বাতাস, বন্যা ও সড়ক বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে ভার্জিনিয়ায় ১ লাখ ৩৯ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছেন। সেখানকার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে, কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া ও তার ছিঁড়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।