মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 27 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 November 2026
অন্যান্য

সরকারে নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া, বিজ্ঞপ্তি জারি

শিক্ষা খাতের বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। তাকে সভাপতি করে চার সদস্যের একটি সাব-কমিটি গঠন করেছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (২৫ নভেম্বর) সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোহাম্মদ কাউছার আলম।

সংসদের কার্যপ্রণালি-বিধির ১৯৬ বিধি অনুযায়ী গঠিত এ সাব-কমিটির অন্য সদস্যরা হলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, বিভিন্ন পরিদপ্তর, আঞ্চলিক ও জেলা শিক্ষা কার্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সাব-কমিটি।

অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিটি তদন্তের প্রতিবেদন ১০ কার্যদিবসের মধ্যে মূল কমিটির কাছে জমা দিতে সাব-কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।