মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 27 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 November 2026
অন্যান্য

নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কিশোর গ্যাং,মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগানঘোনা এলাকায় শফিউল্লাহর দোকানসংলগ্ন মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগানঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে ইমাম হোসেন (৩০), আব্দুর রশিদের ছেলে শহিদুল ইসলাম প্রকাশ ময়না (২২) এবং মো. আলাউদ্দিনের ছেলে আব্দুল্লাহ প্রকাশ বাইডেন (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনাকালে ওই তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এনামুল হাসানের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত ইমাম হোসেনকে ৩ দিন,শহিদুল ইসলাম প্রকাশ ময়নাকে ১০ দিন এবং আব্দুল্লাহ প্রকাশ বাইডেনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান খান। অভিযানে পুলিশের বিশেষ তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, নাইক্ষ্যংছড়ি থানা এলাকায় মাদক, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূল এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকসেবী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।