মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 30 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 November 2026
অন্যান্য

কালের সাক্ষী দুই ঘণ্টা, হারিয়ে গেছে পাঁচ মাইলের প্রতিধ্বনি

একসময় ঘণ্টা দুটির ধ্বনি শোনা যেত প্রায় পাঁচ মাইল দূর থেকে। সকাল কিংবা বিকেল, নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজলে তার গম্ভীর আওয়াজ ছড়িয়ে পড়ত আশপাশের জনপদে। সেই ধ্বনি ছিল শুধু ধর্মীয় উপাসনার আহ্বান নয়, ছিল এলাকার মানুষের চেনা এক অনুষঙ্গ। সময়ের সঙ্গে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে মানুষের জীবনযাপন, হারিয়ে গেছে পুরোনো দিনের অনেক চর্চা। একসময়কার সেই সুর এখন আর শোনা যায় না। কক্সবাজারের রামু উপজেলার লামারপাড়া বৌদ্ধবিহারে পাশাপাশি ঝুলে থাকা বিশাল ঘণ্টা দুটি আজ নীরব দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে।

বিহারের ঘণ্টাঘরে ঢুকলেই চোখ আটকে যায় ঘণ্টা দুটির দিকে। একটি তুলনামূলক ছোট, অন্যটি বেশ বড়। কালচে হয়ে আসা ধাতব শরীরে জমেছে সময়ের ছাপ। গায়ে রয়েছে নকশা ও কারুকাজ। ঘণ্টার ওপরের অংশে রয়েছে দৃষ্টিনন্দন অলংকরণ। মাথার ওপর পুরোনো কাঠের ছাউনি, মাঝখানে শ্যাওলা ধরা স্তম্ভ আর চারপাশে সবুজ গাছপালা। পুরো পরিবেশে একধরনের নিস্তব্ধতা। মনে হয়, কোনো এক সময়ের ব্যস্ততা থেমে গিয়ে সেখানে জমেছে দীর্ঘ অপেক্ষা।

স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে, ঘণ্টা দুটির প্রতিটির ওজন ৮০ মণের বেশি। একসময় এগুলোর আওয়াজ প্রায় পাঁচ মাইল দূর পর্যন্ত পৌঁছাত। সেই বিশালাকার ঘণ্টা এখন আর বাজানো হয় না। ফলে নতুন প্রজন্মের অনেকের কাছে এগুলো কেবল প্রাচীন স্থাপনার অংশ, অথচ প্রবীণদের স্মৃতিতে ঘণ্টা দুটির সঙ্গে জড়িয়ে আছে হারিয়ে যাওয়া এক সময়।

রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার লামারপাড়ায় অবস্থিত এই বৌদ্ধবিহার। প্রায় দুই একর জায়গাজুড়ে বিস্তৃত বিহার প্রাঙ্গণে রয়েছে পুরোনো কাঠের স্থাপনা, ধর্মীয় নিদর্শন ও নানা ঐতিহাসিক স্মারক। কাঠের নির্মাণশৈলী, কারুকাজ এবং প্রাচীন বুদ্ধমূর্তি বিহারটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

বিহারটির প্রতিষ্ঠাকাল নিয়ে বিভিন্ন প্রকাশিত বিবরণে ভিন্ন তথ্য পাওয়া যায়। ২০২২ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে বিহারটির বর্তমান অধ্যক্ষের বরাত দিয়ে ১৯০৫ সালে প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছিল। অন্যদিকে, ২০১৩ সালে প্রকাশিত একটি বিবরণে এর ইতিহাস আরও পুরোনো বলে উল্লেখ করা হয়। তবে প্রতিষ্ঠাকাল নিয়ে মতভেদ থাকলেও এর প্রাচীন স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে সংশয় নেই।

বৌদ্ধ ইতিহাস ও ঐতিহ্য গবেষকদের কাছেও লামারপাড়া বৌদ্ধবিহার গুরুত্বপূর্ণ। ২০২২ সালে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রামুর বৌদ্ধ ইতিহাস ও ঐতিহ্য গবেষক ধনিরাম বড়ুয়া জানিয়েছিলেন, বিহারটির ভবনগুলো সেগুন কাঠের তৈরি। দীর্ঘদিন ধরে তিনি এই বিহারের ইতিহাস নিয়ে অনুসন্ধান করেছেন। পুরোনো সাময়িকী ও বিভিন্ন সূত্র থেকে এর ইতিহাস সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন বলেও জানান তিনি।

বিহারের প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে ঘণ্টা দুটি বিশেষ আকর্ষণ। ২০২২ সালে বিহারের আবাসিক অধ্যক্ষ পাঁঞয়াজ্যেতি জানিয়েছিলেন, বহু বছর পুরোনো হলেও বিহারের ভবনগুলো এখনো মজবুত রয়েছে। তবে ঘণ্টাগুলো আর ব্যবহার করা হয় না। তার ভাষ্য, দেশের জন্য এই বিহার একসময় ঐতিহাসিক গুরুত্ব বহন করবে।

কিন্তু যে নিদর্শনগুলো একসময় মানুষের দৈনন্দিন জীবন ও ধর্মীয় সংস্কৃতির অংশ ছিল, সেগুলো সময়ের সঙ্গে কতটা সংরক্ষিত থাকছে, সেই প্রশ্নও সামনে আসে। কারণ, একটি ঐতিহাসিক স্থাপনা শুধু তার ভবন কিংবা অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের স্মৃতি, বিশ্বাস, সংস্কৃতি ও একটি জনপদের অতীত।

লামারপাড়া বৌদ্ধবিহারের ঘণ্টা দুটি সেই অতীতেরই নীরব সাক্ষী। এগুলো আর আগের মতো দূরদূরান্তের মানুষকে কোনো বার্তা দেয় না। কিন্তু ঘণ্টার গায়ে জমে থাকা কালচে আস্তরণ, পুরোনো কাঠের ছাউনি আর চারপাশের নিস্তব্ধতা যেন বলে যায়, এখানে একসময় অন্যরকম এক সময় ছিল।

স্থানীয় যুবক জুয়েল বলেন, ছোটবেলা থেকেই এই ঘণ্টা দুটির কথা শুনে আসছি। আগে যখন ঘণ্টা বাজানো হতো, তখন এর শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যেত। আমাদের কাছে এটি শুধু ধর্মীয় অনুষঙ্গ ছিল না, এলাকার পরিচিত একটি শব্দও ছিল। এখন ঘণ্টা দুটি ঝুলে আছে, কিন্তু সেই শব্দ আর শোনা যায় না। পুরোনো দিনের কথা মনে হলে খুব খারাপ লাগে। নতুন প্রজন্ম হয়তো জানবেই না, একসময় এই ঘণ্টার কী গুরুত্ব ছিল।

স্থানীয় সমাজকর্মী রুবেল মাহমুদ বলেন, লামারপাড়া বৌদ্ধবিহার শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি রামুর ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ঘণ্টা দুটির মতো প্রাচীন নিদর্শন আমাদের অতীতের পরিচয় বহন করে। এগুলো যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি ঘণ্টা দুটির ইতিহাস, নির্মাণকাল ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে গবেষণা হওয়া দরকার। পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবেও এগুলোকে তুলে ধরা যেতে পারে।

আজকের প্রজন্ম হয়তো সেই ঘণ্টাধ্বনি কখনো শোনেনি। জানেও না, কীভাবে একটি ঘণ্টার শব্দ পাঁচ মাইল দূরের জনপদ পর্যন্ত পৌঁছে যেত। অথচ ঘণ্টা দুটি এখনো দাঁড়িয়ে আছে। যেন অপেক্ষা করছে এমন কারও, যিনি শুধু এগুলোর ছবি তুলবেন না, বরং এর ইতিহাসটুকুও জানার চেষ্টা করবেন।

ধ্বনি থেমে গেছে, কিন্তু ইতিহাস থেমে থাকার কথা নয়। প্রয়োজন যথাযথ সংরক্ষণ, ইতিহাসের নির্ভরযোগ্য নথি তৈরি এবং নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে পরিচিত করে তোলা। নইলে একদিন হয়তো ঘণ্টা দুটি থাকবে, কিন্তু সেগুলোর গল্প বলার মতো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না।