মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 27 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 November 2026
অন্যান্য

জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও শোডাউন

জুমার নামাজের খুতবা চলাকালে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পরশ বাজার এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে প্রায় ৫০ থেকে ৬০ জন অংশ নিয়ে এ কর্মসূচি পালন করেন বলে একটি ভিডিওতে দেখা গেছে। এ ঘটনায় স্থানীয় পথচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা সাধুহাটি ইউনিয়নের পরশ বাজার এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে সাধুহাটি ইউনিয়ন পরিষদের দিকে অগ্রসর হন। এ সময় অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

মিছিল চলাকালে কয়েকজনকে পথচারীদের সতর্ক করে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলতে শোনা যায়। এক ভ্যানচালককে মিছিলের লোকজনের কাছে সাইড চেয়ে পথ করে দেওয়ার অনুরোধ করতে শোনা যায়। অন্য এক পথচারীকে বলতে শোনা যায়, এক পাশ দিয়ে বেরিয়ে যান, তা না হলে এখানে সমস্যা হতে পারে।

ভিডিওতে আরও দেখা যায়,এ সময় একটি হাইওয়ে পুলিশের পিকআপ ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পুলিশের গাড়িটি দেখতে পেয়ে মিছিলের অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় কয়েকজনকে দৌড়ে পালাতেও দেখা যায়। দৌড়ানোর সময় লম্বা চুলের এক ব্যক্তিকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। তাঁকে তুলতে গিয়ে কয়েকজনকে ‘ধর ধর ধর’ এবং এই মার হবে, মার হবে’ বলতে শোনা যায়।

এ বিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন বলেন,জুমার নামাজের খুতবা চলাকালে ঘটনাটি ঘটে। সাধুহাটি পাম্পের কাছ থেকে মিছিলটি শুরু হয়ে সাধুহাটি ইউনিয়ন পরিষদের সামনের দিকে যায়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।