মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 29 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 November 2026
অন্যান্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির অধিকাংশ আসন পুড়ে গেলেও চালক, সহকারী ও যাত্রীরা নিরাপদে নেমে আসায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল ‘ভুলতা গাউছিয়া পরিবহন’-এর বাসটি। মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়।

মুহূর্তের মধ্যে বাসে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। চালক বাসটি সড়কের পাশে থামালে যাত্রীরা দ্রুত নেমে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই বাসটির অধিকাংশ আসন পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস বলেন, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। চালক ও যাত্রীদের তাৎক্ষণিক তৎপরতায় সবাই নিরাপদে বাস থেকে নামতে পেরেছেন। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।