মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 30 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 November 2026
অন্যান্য

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেকে ফেসবুক আইডিতে আগুনের ভিডিও দেখা যায়। এর আগে একইদিন ভোরের দিকে এ ঘটনা ঘটে। ব্যাংকের নাইটগার্ড ও কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

মিরসরাই সদরের গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও কয়েকজন কর্মী বাড়ি চলে যান। শনিবার সকালে তিনি অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পারেন।

তিনি জানান, নাইটগার্ড রনজিত কুমার নাথ তখন বাইরে পাহারায় ছিলেন। ভোরে আলো ফোটার আগে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত শাখার সামনের অংশে সাইনবোর্ড, গেটের ভেতরে ও দোতলার দিকে কয়েকটি পেট্রল বোমা ছুড়ে মারে। এতে দেয়াল ও গেটে আগুন ধরে যায়। নাইটগার্ড সবাইকে ফোন করতে শুরু করলে ওপরের তলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে আসেন। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর মধ্যে মিরসরাই থানা থেকে পুলিশ এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং ঘটনাস্থল ও আশপাশে টহল দেয়। তবে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ঘটনা শুনে তিনি ও তাঁর দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ পৌঁছানোর পর আগুন দেখা যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।