মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 29 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
29 November 2026
অন্যান্য

সোহরাওয়ার্দী উদ্যান নয়, ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ

বিজয়ের মাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বিএনপির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সমাবেশের স্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আগে সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেখানে বর্তমানে উন্নয়ন ও বৃক্ষকেন্দ্রিক বিন্যাসের কাজ চলায় সমাবেশ করা সম্ভব হচ্ছে না। এ কারণে ১ ডিসেম্বর বিজয় মাসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে অনুষ্ঠিত হবে।

রিজভী জানান, পল্টন কমিউনিটি সেন্টারের সামনে পশ্চিমমুখী করে, অর্থাৎ বিজয়নগরের দিকে মুখ রেখে সমাবেশের মূল মঞ্চ নির্মাণ করা হবে।

সংবাদ সম্মেলনে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, পরাজিত একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় তাণ্ডব, মানুষের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সক্রিয় না থাকলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে রিজভী বলেন, দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করা যায় না।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।