মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 29 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
29 November 2026
অন্যান্য

সীমান্তে বিজিবির পাঁচ দফা অভিযান, মানব পাচারকারীসহ আটক ৫

নেত্রকোণার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে পাঁচটি পৃথক যৌথ অভিযান পরিচালনা করে পাঁচজন সন্দেহভাজন মানব পাচারকারীকে আটক করেছে। আটক ব্যক্তিরা মানব পাচারের পাশাপাশি চোরাচালানের সঙ্গেও জড়িত বলে জানিয়েছে বিজিবি।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাতে নেত্রকোণার সীমান্তবর্তী ধোবাউড়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, চারুয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৪২/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গছুয়াপাড়া এলাকায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। রাত ১২টা থেকে ২টা পর্যন্ত চলা এসব অভিযানে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চারুয়াপাড়া এলাকার গোবরচুনা গ্রামের মো. রুবেল হোসেন, এনামুল হক (৩৩), মো. আনোয়ার হোসেন (৩০) ও মো. আজহারুল ইসলাম (২৭)।

অন্যদিকে, একই রাতে বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৪৯/এমপি থেকে আনুমানিক ৯ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগতকুড়া এলাকায় আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে জগতকুড়া গ্রামের মো. হারুন মিয়া (৪২) নামে আরও একজনকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটক হারুন মিয়ার বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা রয়েছে।

অভিযান শেষে চারুয়াপাড়া বিওপির মাধ্যমে আটক চারজনকে ধোবাউড়া থানা পুলিশের কাছে এবং বিজয়পুর বিওপির মাধ্যমে আটক একজনকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৩১ বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনের যাতায়াত, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক পাঁচজনই মানব পাচারের পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সীমান্তে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।