19 June 2026
হালুয়াঘাটে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের চৌরাস্তা বাজারে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আইলাতলী প্রতিশ্রুতি শান্তি সংঘের সভাপতি মোঃ আলী আজগর, নব জাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মদ সুমন, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) হালুয়াঘাট শাখার সভাপতি প্রভাত দ্রং এবং মহাজনিকান্দা স্টুডেন্ট ক্লাবের সভাপতি ফিরুজ আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ জোরদারের দাবি জানান তারা।
