মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 20 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 June 2026
অন্যান্য

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে সেই ২ ইউনিয়নের নাম

বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়। জেলা প্রশাসকের বরাত দিয়ে বলা হয়, নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে আবারও গণশুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে চূড়ান্ত নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।

গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় কয়েকটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে মোকামতলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল।

সূত্র জানায়, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে সীমান্ত এবং দেউলী ইউনিয়ন ভেঙে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়।

তবে এসব নামকরণ শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, কিছু ইউনিয়নের নাম ব্যক্তিগত পরিবারের সদস্যদের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী শাহে আলম দাবি করেন, উপজেলা প্রশাসন ও ইউএনও গণশুনানির মাধ্যমেই নামগুলো নির্ধারণ করেছে এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় এসব নাম রাখা হয়েছে।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের সুপারিশে জেলা প্রশাসনের মাধ্যমে গেজেট প্রকাশ করা হয়। বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার (১৮ জুন) চারটি নবগঠিত ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এসব ইউনিয়নে প্রশাসক নিয়োগ কার্যকর করা হয়েছে।