মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 20 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 June 2026
অন্যান্য

ইরানের পর এবার উত্তর কোরিয়ায় নজর ট্রাম্পের

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর এবার উত্তর কোরিয়া ইস্যুতে মনোযোগ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান লি। তিনি বলেন, ট্রাম্প তাকে জানিয়েছেন যে এখন উত্তর কোরিয়া ইস্যুর দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে।

লি আরও জানান, বৈঠকে তিনি ট্রাম্পকে বলেছেন যে উত্তর কোরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। তার মতে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় নিষেধাজ্ঞার কার্যকারিতা অনেকটাই কমে গেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সামান্য সহায়তাও উত্তর কোরিয়ার জন্য বড় ধরনের সুবিধা এনে দিচ্ছে, যা দেশটির ওপর আন্তর্জাতিক চাপ কমিয়ে দিচ্ছে।

এদিকে ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ২০১৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের একটি ছবি পোস্ট করেন। ছবিটির সঙ্গে কোনো মন্তব্য না থাকলেও এটি নতুন করে কূটনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের ধারণা, ইরান ইস্যুতে অগ্রগতির পর ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে নতুন কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দিকে মনোযোগ দিতে পারে।

উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধ শান্তিচুক্তির পরিবর্তে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছিল। ফলে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। বর্তমানে দুই দেশ একটি অসামরিকীকৃত সীমান্ত অঞ্চলের মাধ্যমে পৃথক অবস্থানে রয়েছে।

সূত্র: এএফপি