মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 21 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 June 2026
অন্যান্য

অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, অনুকূল পরিবেশের পাশাপাশি প্রয়োজন হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন থেকে বিদেশ সফরের সিদ্ধান্ত নিজস্বভাবে নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, কোনো দেশ কখন সফরে যাওয়া হবে, তা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ ও দ্বিপাক্ষিক প্রয়োজনের ওপর নির্ভর করবে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমান সরকার একটি পূর্ণাঙ্গ সার্বভৌম পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যেখানে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হচ্ছে বাস্তব প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে, কোনো ধরনের বাহ্যিক চাপের ওপর নয়।

হুমায়ুন কবির আরও বলেন, “আমরা কোথায় যাব, সেটা আমরা নিজেরাই নির্ধারণ করব। কারণ আমরা জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বৈধ সরকার। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র, চীন, ভারত কিংবা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশেই সফর করা হবে।”

তিনি দাবি করেন, বাংলাদেশ এখন একটি স্বাধীন বৈশ্বিক খেলোয়াড় হিসেবে কাজ করছে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ‘সফট পাওয়ার’ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

গত সময়ের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি বলেন, অতীতে অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত ছিল, তবে এখন সরকার শক্ত অবস্থান থেকে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে পারছে।

মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এসব সফর পরিকল্পিত এবং গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যেখানে আসিয়ান সদস্যপদ ও শ্রমবাজার নিয়ে আলোচনা হবে। অন্যদিকে চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।

বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার নিয়ে উপদেষ্টা বলেন, এখন সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার এটি, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।