মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 20 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 June 2026
অন্যান্য

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অগ্রাধিকার পাবে শ্রমবাজার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশটিতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরের অংশ হিসেবে তিনি রোববার (২১ জুন) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত পৌনে ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টা) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই সফরে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার থাকবে শ্রমবাজার ইস্যু। পাশাপাশি মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় এবং মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন। কর্মসূচি অনুযায়ী, ২২ জুন তিনি কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশে যাত্রা করবেন এবং একই দিন সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।

এই সফরকে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।