22 June 2026
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার

বাবার অসুস্থতার খোঁজ নিতে নিজ বাড়িতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রোববার দিবাগত রাতে শহরের বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নাটোর সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবার খোঁজ নিতে বাড়িতে আসার তথ্য পেয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাতেই বড়গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট নাটোর সদর আসনের তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে শিক্ষার্থী ইয়াছিনকে আটকে রেখে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রাকিবুল হাসান জেমসকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী ইয়াছিন হত্যা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবেই রাকিবুল হাসান জেমসকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী ইয়াছিনকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলাটি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
