মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 20 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 June 2026
অন্যান্য

স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে না পারলেও এবার তার ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে তাকে শুরুর একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

কাফের চোটে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। এ কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের প্রথম দুই গ্রুপ ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে গত সপ্তাহে পূর্ণমাত্রার অনুশীলনে ফিরেছেন নেইমার। সোমবার দলের কৌশলগত অনুশীলনেও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে তাকে, যা তার মাঠে ফেরার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।

নেইমারের জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই ফুটবল অঙ্গনে আলোচনা চলছে। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এরপর ক্লাব ফুটবলেও একাধিকবার ইনজুরিতে পড়ে ছন্দ হারান ব্রাজিলিয়ান তারকা। প্রায় ৬৫০ দিনের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি আবারও সেলেসাও শিবিরে ফিরেছেন তিনি।

ব্রাজিলের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি জানিয়েছেন, অনুশীলনে নেইমারকে আগের মতোই প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে। তার ভাষায়, “নেইমারের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। অনুশীলনে সে দারুণ ছন্দে আছে এবং মাঠে ফেরার জন্য ভীষণ উদগ্রীব।”

বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে সরাসরি গ্রুপসেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করতে পারবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ড্র করলেও অন্য ম্যাচের ফল অনুকূলে থাকলে একই লক্ষ্য পূরণ হতে পারে।

এখন সবার নজর আনচেলত্তির সিদ্ধান্তের দিকে। ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে কি স্কটল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই মাঠে দেখা যাবে, নাকি নকআউট পর্বের কথা মাথায় রেখে তাকে আরও সময় দেওয়া হবে সেই উত্তর মিলবে ম্যাচের দিনই।