মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 19 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 June 2026
অন্যান্য

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সাতক্ষীরায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার চেক হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবার এবং আহত ২ জনের পরিবারের সদস্যদের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত এ চেক বিতরণ করা হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘব এবং তাদের পুনর্বাসনে সহায়তা করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সদস্য হারানোর সাথে সাথে পুরো পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তাকেও বিপর্যস্ত করে দেয়। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনে। পাশাপাশি তিনি সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন খান এবং সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শেখ হুমায়ুন কবির। বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সকলের সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

চেক গ্রহণকারী নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রিয়জন হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কঠিন সময়ে আমাদের পাশে থাকার শক্তি ও সাহস যোগায়।

অনুষ্ঠানে বলা হয়- সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং ট্রাফিক বিধি মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ডের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখারও আহবান জানান তারা।