মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 25 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 June 2026
অন্যান্য

সুন্দরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

বিকেলের খেলাধুলা আর হাসি-আনন্দের মাঝেই হঠাৎ নেমে এলো শোকের ছায়া। যে দুই শিশু কিছুক্ষণ আগেও একসঙ্গে ছুটে বেড়াচ্ছিল, সেই দুজনই আর ফিরে এল না জীবিত। গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে তসলিমা আক্তার মিম (৯) ও রবিউল ইসলাম রাফি (৯) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তসলিমা আক্তার মিম পশ্চিম ছাপড়হাটী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রবিউল ইসলাম রাফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে শিশু দুটি গ্রামের জাহিদুল ইসলামের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার চেষ্টা করা হলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। শিশু দুটির নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

ঘটনার পর পশ্চিম ছাপড়হাটী গ্রামে নেমে আসে শোকের মাতম। দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। সন্তান হারানোর বেদনায় বারবার মূর্ছা যেতে দেখা যায় স্বজনদের। প্রতিবেশীরাও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”