মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 25 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 June 2026
অন্যান্য

বিলে শাপলা তুলতে গিয়ে ১ শিশুর মৃত্যু, আহত ১

জামালপুরের সরিষাবাড়ীতে পেরী বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামের মধ্যপাড়ার পেরী বিলে এ ঘটনা ঘটে।

শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামের সানোয়ার হোসেনের পুত্র সামি (৮), রফিকুল ইসলামের পুত্র তাসকিন (৬), সাইম ও সোয়াদসহ চার শিশু বাড়ির পাশের পেরী বিলে শাপলা ফুল তুলতে যায়। সামি ও তাসকিন শাপলা তুলতে তুলতে গভীর পানিতে তলিয়ে যায়। অপর দুই শিশু চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। পরে দুজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিকে মৃত ঘোষণা করেন। আহত তাসকিনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আসার আগেই সামি নামের শিশুটির মৃত্যু হয়। অপর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।