মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 18 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 June 2026
অন্যান্য

পে-স্কেল বাস্তবায়নে রূপরেখা চূড়ান্ত, সভায় হলো যেসব সিদ্ধান্ত 

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রশাসন সংশ্লিষ্ট পে কমিশনের সুপারিশ পর্যালোচনা শেষে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৪ জুন) পে স্কেল বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জনপ্রশাসন খাতের সুপারিশগুলো নিয়ে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানো গেলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীসংক্রান্ত প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। এ দুটি খাতের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আরও একটি সভা অনুষ্ঠিত হতে পারে।

সরকার ইতোমধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। আগামী ১ জুলাই থেকে এটি ধাপে ধাপে কার্যকর করা হবে। তবে বর্ধিত বেতনের অর্থ কর্মকর্তা-কর্মচারীদের হাতে পৌঁছাতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, বর্তমানে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) থাকা কর্মকর্তা-কর্মচারীরাও নবম পে স্কেলের সুবিধার আওতায় আসবেন বলে জানা গেছে।

যদিও বেতন কত শতাংশ বাড়বে কিংবা নতুন পে স্কেল কত ধাপে বাস্তবায়ন হবে, সে বিষয়ে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার তিনটি বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে।

প্রথম প্রস্তাবে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির সুপারিশ রয়েছে। দ্বিতীয় বিকল্পে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধির কথা বিবেচনা করা হচ্ছে। এছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক বেতন শতভাগ বৃদ্ধির একটি প্রস্তাবও আলোচনায় রয়েছে।

তবে বেতন বৃদ্ধির চূড়ান্ত হার ও বাস্তবায়ন কাঠামো সম্পর্কে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীসংক্রান্ত সুপারিশ চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত প্রকাশ করা হতে পারে।