মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 26 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 June 2026
অন্যান্য

বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফরাসি ফুটবলার

ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদীতে ডুবে মারা গেছেন ২১ বছর বয়সী ফুটবলার কেনজো কিস। তিনি দেশটির দ্বিতীয় বিভাগের ফুটবল লিগের ক্লাব গ্যাংগাম্পের রিজার্ভ দলের খেলোয়াড় ছিলেন।

ফরাসি গণমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার লিয়নের কাছে রোন নদীর একটি নিষিদ্ধ সাঁতার এলাকায় ডুবে যান কেনজো কিস। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে ব্রেইন ডেড ঘোষণা করা হয়। বুধবার তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

কেনজোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার বর্তমান ক্লাব গ্যাংগাম্প এবং সাবেক ক্লাব সেন্ট-এতিয়েন। সেন্ট-এতিয়েনের একাডেমিতে তিনি সাত বছর প্রশিক্ষণ নিয়েছিলেন।

এদিকে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো দেশটি সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড গড়েছে। জাতীয় তাপমাত্রা সূচক ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা নতুন রেকর্ড।

দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় তা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে অস্বাভাবিক গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে অনেক মানুষ নদী ও জলাশয়ে নামছেন। তবে কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে অনিরাপদ স্থানে সাঁতার কাটার কারণে গত এক সপ্তাহে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

সরকারের তথ্যমতে, ডুবে মৃত্যুর বেশিরভাগ ঘটনাই তরুণদের মধ্যে ঘটেছে। এমন পরিস্থিতির মধ্যেই সম্ভাবনাময় ফুটবলার কেনজো কিসের মৃত্যু ফরাসি ফুটবল অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (AP), ইএসপিএন।