26 June 2026
জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

জাপানের চিবা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে রাজধানী টোকিওসহ আশপাশের এলাকাও কেঁপে ওঠে। ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
বার্তা সংস্থা আনাদোলুরের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জেএমএর তথ্যমতে, এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রদেশে এবং ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপানের ৭ মাত্রার ভূমিকম্প তীব্রতা স্কেলে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৪, যা মাঝারি ধরনের ঝাঁকুনি হিসেবে বিবেচিত হয়। এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, ইউএসজিএসও ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইয়োকোশিবা শহরের প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ৫৬ কিলোমিটার।
এর আগে বৃহস্পতিবারও (২৫ জুন) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। প্রাথমিকভাবে এর মাত্রা ৬ দশমিক ৯ নির্ধারণ করা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ২ করা হয়। জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
