মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 26 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 June 2026
অন্যান্য

আটক ভারতীয় চকলেট জোরপূর্বক ছাড়িয়ে নিলেন বিএনপি কর্মী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর হাতে দুই বস্তা ভারতীয় কিটকাট চকলেট আটকের পর তাদের হাত থেকে জোর করে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন গলিতে অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করে এলাকাবাসী। পরে ওই অটোরিকশা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা নিম্নমানের ২ বস্তা কিটকাট চকলেট উদ্ধার করে স্থানীয়রা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় বিএনপি কর্মী আরিফ হোসেন জোরপূর্বক অটোরিকশায় থাকা দুই বস্তা ভারতীয় চকলেট নিজের জিম্মায় নিয়ে চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, আটকের সময় অটোরিকশায় থাকা কাজী মারুফ তাদেরকে জানিয়েছেন, এগুলো ভারতীয় চকলেট সীমান্ত থেকে আরিফের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে আরিফ ঘটনাস্থলে এসে ভয়ভীতি দেখিয়ে জোর করে অটোরিকশাসহ তাদেরকে ছাড়িয়ে নেন। পরে বিষয়টি ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনকে অবগত করা হয়। এদিকে সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই অভিযান চালিয়ে এক বস্তা চকলেট উদ্ধার করে।

গতকাল শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিযান চালিয়ে এক বস্তা চকলেট ও আরিফ হোসেন নামের এক যুবককে আমার অফিসে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল আরিফ হোসেনকে বিএনপির কর্মী বলে নিশ্চিত করেছেন। তবে গতকাল রাতের এই ঘটনা তার জানা নেই বলে জানান।