মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 26 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 June 2026
অন্যান্য

আর্জেন্টিনা-স্পেন মহারণের সম্ভাবনা, জমে উঠেছে সমীকরণ

দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে গ্রুপ ‘জে’র শীর্ষস্থান অনেকটাই নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসিদের।

এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, নকআউট পর্বের প্রথম ম্যাচে কার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ ‘জে’র চ্যাম্পিয়ন দল শেষ ৩২-এ খেলবে গ্রুপ ‘এইচ’র রানার্সআপের বিপক্ষে।

এই সমীকরণে সামনে চলে এসেছে আর্জেন্টিনা ও স্পেনের সম্ভাব্য হাইভোল্টেজ লড়াই। গ্রুপ ‘এইচ’-এ দুই ম্যাচ শেষে স্পেনের সংগ্রহ ৪ পয়েন্ট, আর উরুগুয়ের ২ পয়েন্ট। শেষ ম্যাচে উরুগুয়ে যদি স্পেনকে হারাতে পারে, তাহলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হবে তারা। সেক্ষেত্রে স্পেন রানার্সআপ হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হবে।

তবে সমীকরণে রয়েছে আরও কিছু সম্ভাবনা। একই সময়ে কেপ ভার্দে যদি সৌদি আরবকে হারায়, তাহলে স্পেন পয়েন্ট ও অন্যান্য হিসাব-নিকাশে তৃতীয় স্থানেও নেমে যেতে পারে। সে ক্ষেত্রে আর্জেন্টিনা-স্পেন দ্বৈরথ আপাতত এড়িয়ে যাবে।

অন্যদিকে স্পেন যদি উরুগুয়ের বিপক্ষে অন্তত ড্র করতে পারে, তাহলে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার সম্ভাবনা বেশি থাকবে। তখন আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে, কেপ ভার্দে কিংবা সৌদি আরব।

এবারের বিশ্বকাপে গ্রুপের অবস্থান নির্ধারণে গোল ব্যবধানের আগে গুরুত্ব দেওয়া হচ্ছে হেড-টু-হেড ফলাফলকে। ফলে শেষ ম্যাচগুলো শুধু পরবর্তী রাউন্ডে ওঠার লড়াই নয়, নকআউটে কার সঙ্গে দেখা হবে সেটিও নির্ধারণ করবে।

সব মিলিয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা ও স্পেনের সম্ভাব্য মুখোমুখি হওয়া নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।