26 June 2026
গোপালপুরে মাদকের বিরুদ্ধে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা যুব বিভাগ।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় গোপালপুর থানা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার আমীর এবং গোপালপুর পৌর মেয়র প্রার্থী মো. হাবিবুর রহমান তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেন, সহকারী সম্পাদক মো. ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক তারেক আজিজ ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাইমিনুল ইসলাম তোহা প্রমূখ।
বক্তারা বলেন, মাদক আজ দেশের অন্যতম প্রধান সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের ভয়াবহ বিস্তারের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে । শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজে এর নেতিবাচক প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাদকাসক্তির কারণে চুরি, ডাকাতি, ছিনতাই, পারিবারিক সহিংসতা ও নানা ধরনের অপরাধ বাড়ছে, যা সমাজের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তারা আরও বলেন, শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করলেই মাদক নির্মূল সম্ভব নয়। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সমাজের সব স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে।
মানববন্ধনে বক্তারা মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সীমান্ত ও স্থানীয় পর্যায়ে মাদক পাচার বন্ধে আরও কঠোর নজরদারি এবং প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন। সমাবেশে বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই আসুন, আমরা সবাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং আগামী প্রজন্মের জন্য একটি মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করি।” এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মী, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
