26 June 2026
চীনের রাজধানীতে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

চীনের রাজধানী বেইজিংয়ের অন্যতম উঁচু ভবন ১০৯ তলা সিটিক টাওয়ারে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে সংঘটিত এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটির ওপরের অংশ থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে যাচ্ছে। ভিডিওতে বিমানের লেজের একটি অংশ এবং ভবনের নিচে থাকা একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিকের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ভবনের ভেতরে থাকা লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে ভবনের প্রবেশমুখের কাছে তাদের জড়ো হতে দেখা যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, পুলিশ সদস্য এবং একটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিমানের নিবন্ধন নম্বর থেকে ধারণা করা হচ্ছে, এটি চীনে তৈরি ‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’ মডেলের একটি হালকা স্পোর্টস বিমান। বিমানটি একটি স্থানীয় জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকানাধীন বলে জানা গেছে।
ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত শহরগুলোর একটিতে এমন ঘটনা ঘটায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
