মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 27 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 June 2026
অন্যান্য

গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-নরওয়ে

বিশ্বকাপ ফুটবলের আই গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও নরওয়ে। দুই দলেরই নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে। এবার গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।

বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) রাত ১টায় শুরু হবে ম্যাচটি। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ফরাসিরা। অন্যদিকে শীর্ষস্থান দখল করতে হলে নরওয়ের সামনে জয়ের বিকল্প নেই।

এ পর্যন্ত টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। সেনেগালকে ৩-১ এবং ইরাককে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জ্বল দিদিয়ের দেশমের দল। আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

অন্যদিকে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে নরওয়ে। দুই ম্যাচে ৭ গোল করে তারা আক্রমণাত্মক ফুটবলের পরিচয় দিয়েছে। আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড ও আলেক্সান্ডার সোরলোথকে নিয়ে গড়া নরওয়ের আক্রমণভাগ ফ্রান্সের রক্ষণে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।

ম্যাচের আগে নরওয়ের কোচ স্টেল সোলবাকেন বলেছেন, “ফ্রান্সের বিপক্ষে আমরা ভয় না পেয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলব। আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে চাই।”

দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ডও আত্মবিশ্বাসী। তিনি বলেন, “এই ম্যাচে নরওয়ের সামর্থ্য প্রমাণের সুযোগ রয়েছে। এ ধরনের ম্যাচই খেলোয়াড়দের বড় করে তোলে।”

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম নরওয়েকে সমীহ করেই মাঠে নামতে চান। তার ভাষায়, “নরওয়ে খুবই সংগঠিত দল। তাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। আমাদের সর্বোচ্চ মনোযোগ নিয়েই খেলতে হবে।”

অন্যদিকে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে বলেছেন, “আমরা দলের ছন্দ ধরে রাখতে চাই। নকআউট পর্বের আগে নিজেদের আরও ধারালো করে তুলতে চাই।”

নকআউট নিশ্চিত হলেও গ্রুপ সেরার লড়াইয়ে দুই দলের এই ম্যাচ বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।