মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 27 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 June 2026
অন্যান্য

কুমিল্লার ফেলে যাওয়া শিশুর পরিবারের সন্ধান মিলেছে

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার জাইতুন রেস্তোরাঁয় ভুলবশত ফেলে যাওয়া শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেস্তোরাঁটির স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব পাশের জাইতুন রেস্তোরাঁয় ঘটনাটি ঘটে। ঘটনার প্রায় চার ঘণ্টার মধ্যেই শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির পরিবার রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।

লুৎফুর রহমান রিপন জানান, শিশুটির মা তাদের সঙ্গে কথা বলেছেন। তবে ভাষাগত কারণে পুরো বিষয়টি বুঝতে কিছুটা সমস্যা হয়েছে। তিনি বলেন, “পরিবারটি কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছিল। সকালে জাইতুন রেস্তোরাঁয় নাশতা শেষে তারা সকাল ৯টার দিকে সেখান থেকে বের হয়ে যায়। চট্টগ্রাম অতিক্রম করার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে তারা জানতে পারে যে শিশুটি রেস্তোরাঁয় রয়ে গেছে। এরপর তারা ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং বর্তমানে কুমিল্লার পথে রয়েছে।”

তিনি আরও জানান, পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে সকালে রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ১৫ সদস্যের একটি বিদেশি পরিবার দুটি গাড়িতে করে জাইতুন রেস্তোরাঁয় আসে এবং সেখানে নাশতা করে। নাশতার সময় তারা গল্প-আড্ডায় ব্যস্ত ছিলেন। পরে রেস্তোরাঁ ত্যাগ করার সময় অসাবধানতাবশত শিশুটিকে ভেতরে রেখেই চলে যান বলে ধারণা করা হয়।